তানোরের মার্কেটগুলোতে ঈদ কেনাকাটায় ক্রেতাদের উপচেপড়া ভিড়
- আপডেট সময় : ১০:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলার বাজার, মার্কেট ও বিপণিবিতানগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। রমজানের শুরু থেকেই লোকজন ঈদের জন্য পোশাক ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য বাজারে যাচ্ছেন।
উপজেলার তানোর পৌর বাজার, গোল্লাপাড়া, মুন্ডুমালা ও তালন্দসহ বিভিন্ন এলাকায় এখন ঈদ কেনাকাটার আমেজ দেখা যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর পরিবার-পরিজন নিয়ে বাজারে আসেন অনেক ক্রেতা।
স্থানীয় কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, “রমজানের শুরুতে ক্রেতা তুলনামূলক কম থাকলেও ঈদ যত ঘনিয়ে আসছে, ততই কেনাকাটা বাড়ছে। বর্তমানে নারীদের থ্রি-পিস ৪০০ থেকে ৪,০০০ টাকা, শাড়ি ১,০০০ থেকে ৫,০০০ টাকা এবং পুরুষদের পাঞ্জাবি ১,০০০ থেকে ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে।”
গার্মেন্টস ব্যবসায়ী রোবেল হোসেন জানান, “গত কয়েকদিনে বিক্রি সন্তোষজনক, আশা করছি ঈদের শেষ সপ্তাহে আরও বৃদ্ধি পাবে।”
ক্রেতা মোস্তফা আলী বলেন, “গত বছরের তুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বেশি, তবে জামাকাপড়ের দাম এখনও সহনীয়। পরিবারের জন্য কেনাকাটা করতে এসেছি।”
তানোরের ব্যস্ততম সড়কের পাশে ফুটপাতের দোকান থেকে শুরু করে মার্কেট ও বড় দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ছে। বিশেষ করে নারীদের পোশাকের দোকানে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। থ্রি-পিস, গাউন, লেহেঙ্গা, ফ্যাশনেবল পোশাক ও কসমেটিকসের দোকানে নারী ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) তানোর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, “বাজারে পণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনও সতর্ক।”
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, ঈদকে সামনে রেখে বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান বলেন, “বাজারে অতিরিক্ত দাম বা কোনো অনিয়ম এড়াতে প্রশাসনের নজরদারি অব্যাহত। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতও অভিযান পরিচালনা করবে।”



















