রাজশাহীতে অবৈধ বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা ১০ হাজার টাকা
- আপডেট সময় : ০৯:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে একটি বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি করছিল। পাশাপাশি পণ্যের মোড়কে বিএসটিআই’র মানচিহ্ন অবৈধভাবে ব্যবহার করার প্রমাণও পাওয়া যায়।
নগরীর বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত মেসার্স ন্যাশনাল বেকারীকে এ অপরাধে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহরীন তাবাসসুম তিথী, এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করেন।
বিএসটিআই বিভাগীয় কার্যালয় জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



















