নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
Northern Electricity Supply Company Limited (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে Rajshahi নগরীর হেতেমখাঁ এলাকায় অবস্থিত নেসকোর প্রধান কার্যালয়ের সামনে “রাজশাহীর সর্বস্তরের জনগণ” ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীতে প্রতিষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় অন্য জেলায় স্থানান্তরের সিদ্ধান্ত এই অঞ্চলের মানুষের স্বার্থের পরিপন্থী। তারা দাবি করেন, অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে নেসকোর হেড অফিস রাজশাহীতেই বহাল রাখতে হবে।
বক্তারা আরও বলেন, রাজশাহী বিভাগীয় শহর হওয়ায় এখানেই নেসকোর কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। তাই হঠাৎ করে প্রধান কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া হলে স্থানীয় প্রশাসনিক কার্যক্রম, কর্মসংস্থান ও আঞ্চলিক উন্নয়নে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির আহ্বায়ক শামসুল হোসেন মিলু, রাজশাহী নেসকো শ্রমিকদলের সভাপতি শরিফুল ইসলাম, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসিবুল ইসলাম, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির প্রচার সম্পাদক মতিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।



















