গোদাগাড়ীতে অসহায়দের মাঝে ঈদ উপহার ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ
- আপডেট সময় : ০৫:৫৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পবিত্র ঈদ উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার প্রদান করা হয়েছে। সামাজিক সংগঠন আন-নাস্তা’ঈন ফাউন্ডেশনের উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার ঘনশ্যামপুর স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘনশ্যামপুরের সহগ্রাম প্রধান ও প্রধান উপদেষ্টা লতিফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ফানিসুর রহমান, কামাল উদ্দিন, আব্দুর রাকিব, সমাজসেবী ও দাতা সদস্য ইফতেখারুল হক রুবেল, ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুল লতিফ, ওমর ফারুক বাবু এবং সহকারী শিক্ষক রাশিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই সমাজে মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হয়। তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এভাবে এগিয়ে এলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।
অনুষ্ঠানে দরিদ্র পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিসসহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়, যা তাদের চলাফেরা ও দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে চলতে সহায়তা করবে।
উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দেয়।
আয়োজকরা জানান, “আল্লাহর সাহায্যে, মানুষের সেবায়”—এই মূলমন্ত্রকে সামনে রেখে আন-নাস্তা’ঈন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



















