সাহেববাজার, নিউমার্কেট ও আরডিএ মার্কেটে জমজমাট কেনাকাটা
- আপডেট সময় : ১১:১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজশাহীর বাজারগুলোতে এখন জমে উঠেছে কেনাকাটার আমেজ। নতুন পোশাক, জুতা, প্রসাধনী ও শিশুদের জামাকাপড় কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে নগরীর বিভিন্ন শপিং মল ও ফুটপাতের দোকানগুলোতে।
বিশেষ করে মহানগরীর সাহেববাজার, নিউমার্কেট, আরডিএ মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতান ও ফুটপাতের দোকানে সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটার ব্যস্ততা। ঈদের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতাদের উপস্থিতি ও বিক্রির পরিমাণ।
নগরীর সাহেববাজার এলাকার ফুটপাত ও আরডিএ মার্কেট বরাবরই নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কেনাকাটার অন্যতম কেন্দ্র। রমজানের দ্বিতীয় সপ্তাহ থেকেই এসব এলাকায় ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। রাস্তার পাশে বসা অস্থায়ী দোকানগুলোতে বিভিন্ন ধরনের পোশাক ও জুতা সাজিয়ে রাখা হয়েছে, যেখানে কম দামে পছন্দের পণ্য কিনতে ভিড় করছেন নানা বয়সী মানুষ।
সাহেববাজার স্যান্ডেল পট্টির এক বিক্রেতা জানান, ঈদকে সামনে রেখে বিভিন্ন ধরনের জুতা আনা হয়েছে। ক্রেতাদের সামর্থ্য অনুযায়ী দাম নির্ধারণ করা হয়েছে। শুরুতে বিক্রি কম থাকলেও ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বিক্রি বাড়ছে।
এদিকে নগরীর বড় বড় শপিং মলগুলোতেও ঈদের বাজার জমে উঠেছে। নিউমার্কেট, থিম ওমর প্লাজাসহ বিভিন্ন বিপণিবিতানে পরিবার নিয়ে কেনাকাটা করতে আসছেন ক্রেতারা। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় আরডিএ মার্কেটে ঘুরে দেখা যায়, প্রতিটি ফ্লোরেই ক্রেতাদের ভিড় রয়েছে। দেশি ও বিদেশি ব্র্যান্ডের দোকানগুলোতে ঈদ উপলক্ষে নতুন ডিজাইনের পোশাক সাজিয়ে রাখা হয়েছে।
আরডিএ মার্কেটের এক বিক্রয়কর্মী জানান, রোজার প্রথম দিকে ক্রেতা তুলনামূলক কম থাকলেও দ্বিতীয় সপ্তাহ থেকে কেনাকাটা বেড়েছে। সন্ধ্যার পর ক্রেতাদের চাপ সবচেয়ে বেশি থাকে।
পবা উপজেলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের বাজার করতে আসা আনোয়ার হোসেন বলেন, ছুটির দিনে সপরিবারে কেনাকাটা করতে এসেছি। পরিবারের সবার জন্য পছন্দের পোশাক কিনে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছি।
শুধু পোশাক নয়, গয়না ও বিভিন্ন সাজসজ্জার পণ্যের চাহিদাও বেড়েছে। জুয়েলারি দোকানগুলোর বিক্রেতারা জানান, ঈদের আগে এই সময়টাতেই তাদের ব্যবসা সবচেয়ে বেশি জমে ওঠে।
ব্যবসায়ীরা বলছেন, নতুন মাসের শুরুতে অনেক চাকরিজীবী বেতন পাওয়ায় আগামী কয়েক দিনে বাজারে ক্রেতা আরও বাড়তে পারে।
রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকেও অনেক মানুষ এসব মার্কেটে কেনাকাটা করতে আসছেন। অনেকে আবার পরিবার নিয়ে সময় কাটানোর জন্য থিম ওমর প্লাজার মতো শপিং মল বেছে নিচ্ছেন, যেখানে কেনাকাটার পাশাপাশি খাবার ও বিনোদনের ব্যবস্থাও রয়েছে।
সব মিলিয়ে ঈদকে ঘিরে রাজশাহী মহানগরীর ফুটপাত থেকে শুরু করে বড় বড় শপিং মল—সব জায়গাতেই এখন উৎসবের আমেজ বিরাজ করছে।



















